টানা প্রায় ১ মাস ধরেই এই অনুষ্ঠানের ক্যাম্পেইন চলছে। হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীতের শ্লোগান নিয়ে এমন অনবদ্য আয়োজনের পক্ষ ও বিপক্ষের বাহাসও কম হয়নি। কিন্তু মোটা দাগে এই আবেগ-মথিত অনুষ্ঠান দিয়ে নিউইয়র্কের বাঙালী কমিউনিটিকে প্রায় এক করার এক দারুণ উৎসব হয়ে গেলো সেদিন।
১৩ সেপ্টেম্বর নিউইয়র্কের রবিবারে সকলের প্রায় ছুটি। ব্রঙ্কস এলাকার পার্কেচেস্টারে অনুষ্ঠান উপলক্ষে মেলার পশরা সাজানো হয়েছিল পুরো একটি পথ জুড়ে। মেলার গেটে ইউ এস সিকিউরিটির বিশাল দেহধারীদের দেখলে ভেতরে প্রবেশের জন্য খানিক ভয়ই লেগে যায়। পুরো অনুষ্ঠান চত্ত্বর টহল দিচ্ছে ইউ এস পুলিশ। এলাকায় ছুটির বিকেলের মতো বেশ আয়েশি চলাচল। প্যান্ডেল আর সাউন্ডের দায়িত্বে থেকে পুরো আয়োজন সাজানোর জন্য কসরত করছেন কণ্ঠশিল্পী আয়োজক তানভীর শাহিন ও সাংবাদিক হাসানুজ্জামান সাকী। সাকী জানালেন, গেল রাত ভোর ৫ টা থেকে তিনি আর শাহীন এই মেলার প্যান্ডেল থেকে সবকিছু সাজাচ্ছেন, দুই কাপ কফি ছাড়া তারা কিছুই মুখে দেননি। শুধু প্রার্থনা করছেন যেন এত বড় আয়োজনে বৃষ্টি না আসে।
IMG0
এদিকে নিউইয়র্কের আকাশ এখন অভিমানী প্রেমিকার মতো আচরণ করছে ক’দিন। এই মেঘ, এই রোদ্দুর। তবে এমন অনন্য আয়োজনে মেঘ বৃষ্টির অভিমান খুব একটা কাহিল করতে পারলো না প্রবাসী বাঙালীর চেতনা আর আবেগের প্রণয়কে। ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলামও প্রায় আয়োজকের ভূমিকাতেই বিভিন্ন শিল্পী ও কুশলীদের খোঁজখবর নিচ্ছেন নিজ উদ্যোগেই। স্থানীয় চ্যানেলগুলোও বেশ সজাগ বিশাল এই আয়োজনকে কাভার করার জন্য। ব্রঙ্কস এলাকাতে সিলেটি বাঙালী বেশি তা দর্শকদের খোশ গল্পের শব্দচয়নে বুঝা গেল। শিরিন নামের এক নারী তার পুরো পরিবারসহ এই অনুষ্ঠানে এসেছেন। তার কাছে যখন জানতে চাইলাম অনুষ্ঠানে আসার উদ্দেশ্য, তখন বেশ গর্বের সাথে বলে উঠলেন তিনি, বাংলাদেশি ভাইয়েরা একটা অনুষ্ঠান সাজিয়েছে আর আমরা আসবো না এটা হয়। তাই খবর পেয়েই ছুটে এসেছি। আমার দায়িত্ব।
IMG1
অর্থাৎ একটা দায়িত্ববোধের জায়গা থেকে স্থানীয় বাঙালী বাংলাদেশিরা ছুটে এসেছেন। সমস্বরে জাতীয় সঙ্গীত আসরের নেতৃত্ব দিচ্ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। সাথে মঞ্চে ছিলেন আমেরিকা নিবাসী প্রায় ১৪ জন গুণী তরুণ কণ্ঠশিল্পী ও ঢাকা থেকে আমন্ত্রিত রবি চেীধুরী, পড়শী , ইলিয়াসসহ একাধিক শিল্পীরা। তবে রথীন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিবাসী হওয়ায় শিল্পীদের সবচেয়ে আরাধ্য অভিভাবকের ভূমিকাটাই পালন করেন তিনি এখানে।
সেই ভাবেই এক ভিন্ন ঢঙে শুরু হল পুরো অনুষ্ঠান। মঞ্চে প্রথমে যে তিনটি গান দিয়ে অনুষ্ঠান শুরু হল, তা মূলত আমাদের বাঙালীর স্বত্তার সঙ্গীত। প্রথমে সমস্বরে গাওয়া হল আব্দুল লতিফের সেই বিখ্যাত গান ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, দ্বিতীয় গানটি ছিল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল গান আব্দুল গাফফার চৌধুরীর লেখা, আলতাফ মাহমুদের সুরের সেই অমিয় শ্লোগান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
IMG2
এরপরেই পুরো এলাকা জুড়ে হাতে পতাকা আর মাথায় লাল সবুজ ব্যান্ডেনা নিয়ে গাইলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ এক বৃদ্ধ মহিলাকেও দেখা গেল হাতে দেশের পতাকা হাতে নিয়ে গান গাইছেন আর কাঁদছেন।
পরে অবশ্য তাকে খুঁজে জানতে চাইলাম, আপনি বারবার চোখ মুচছিলেন কেন? বৃদ্ধা আমায় প্রায় ধমক দিয়ে বললেন,‘ দেশ থেকে দূরে থাকো না তো। কি বুঝবা? এই গীত শুনলে কেন জানি আমার চোখ ভারী হয়ে আসে।’
এরপর একে একে প্রবাসী ও ঢাকা থেকে আগত শিল্পীরা গাইলেন বাংলা জনপ্রিয় গান। তবে পুরো অনুষ্ঠানের এই হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন দিয়ে ব্রঞ্জে নিউইয়র্কের ছুটির বিকেলের আকাশ শুনেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কৌতূহলী অনেক আমেরিকান, মেক্সিকান দর্শককেও দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেল গানটি পরিবেশনার সময়। অনবদ্য এই আয়োজন প্রসঙ্গে বরেণ্য কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের কাছে যখন গ্রীনরুমে জানতে চাইলাম, তিনি বললেন ‘অনেক আগেই এই উদ্যোগ নেবার দরকার ছিল। আমরা এখানে যারা বাংলা গান জানি, তারা কিন্তু তৃষ্ণার্ত থাকি একটু বাংলা সুর শোনার জন্য। এই যে এত মানুষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু বলা হয়েছে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইবো। এই প্রাণের ডাকে সবাই ছুটে এসেছে। এটা একটা ধারাবাহিকতা। এটা রক্ষা করে চললে আমরা বাংলা কালচারকে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক প্লাটফর্মে নিয়ে যেতে পারবো।’
অনুষ্ঠানের আয়োজক নর্থ আমেরিকার প্রথম বাংলাদেশি ক্যাবল অপারেটর টোটাল ক্যাবল ও বিএসিসি। বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, এসেম্বলীম্যান লুইস সিপুলভিদা, টোটাল ক্যাবলের সিইও আহমদুল বারোভুইয়া পুলক ও আইনজীবী মোহ্ম্মাদ এন মজুমদার। গানের নেতৃত্ব দেন রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। নিউইয়র্ক ও ঢাকার শতাধিক শিল্পী এতে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসানুজ্জামান সাকী ও আশরাফুল হাসান বুলবুল।
