২০১৫-১৬ সাল তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০২
 
আগামী দুই বছর বৈশ্বিক তাপমাত্রায় রেকর্ড ভঙ্গ করতে হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক মেট অফিসের একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনহাউজ গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণে প্রাকৃতিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাকে বাড়িয়ে জলবায়ুতে বড় পরিবর্তন আনতে পারে।
 
গবেষণায় দেখানো হয়েছে, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক জলবায়ু সিস্টেমে বিপর্যয় দেখা দিচ্ছে। আর মানবসৃষ্ট কারণে যে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি হচ্ছে সেটির কারণে এই বিপর্যয় আরো বাড়তে পারে। এর ফলে বিশ্ব জুড়ে আরো দাবদাহসহ আবহাওয়ায় পরিবর্তন আসবে।
 
তবে গ্রীষ্মকালে ইউরোপের বিভিন্ন অঞ্চল তুলনামূলকভাবে কিছুটা ঠাণ্ডা থাকবে।
 
বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, ২০১৫ সালে পৃথিবীর তাপমাত্রা পূর্বের রেকর্ড অথবা তার কাছাকাছি দিয়ে যাচ্ছে। 
 
এর আগে ২০১৪ সাল আপমাত্রার রেকর্ড ভঙ্গ করেছিল। সেসময় চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় অনেক বেশি তাপমাত্রা ছিল। 
 
মেট অফিস হাডলে সেন্টারের পরিচালক প্রফেসর স্টিফেন বেলচার বলেছেন, প্রত্যেক বছর প্রাকৃতিকভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু গ্রিন হাউজ গ্যাসের প্রভাবের কারণে চলতি বছর তাপমাত্রা বৃদ্ধির ওপর প্রভাব ফেলছে।
 
যে সব কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেগুলো যদি রোধ করা না যায় তবে আগামী বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা আরো বেশি হবে। খবর: বিবিসি ও গার্ডিয়ান।