২০১৯-২০ অর্থবছরের মধ্যে করদাতা ৪০ লাখে উন্নীত করা চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় আয়কর দিবস ও সর্বোচ্চ এবং দীর্ঘমেয়াদী করদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে জাতীয় কর দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত সর্বোচ্চ এবং দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
অর্থমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ১ শতাংশ মানুষও কর দেন না। ১৬ কোটির মধ্যে ১৬ লাখ হলেও বলতে পারতাম ১ শতাংশ মানুষ কর দেন। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জাকর।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশি আমাদের চাইতে গরীব দেশ নেপালে আমাদের চাইতে বেশি করদাতা আছে। তাদের বাজেট তাদের আমাদের জাতীয় অনুপাত হিসেবে অনেক বেশি। তাই এখান থেকে আমাদের উত্তরণ দরকার। উত্তরণের জন্য আমরা টার্গেট করেছি- এই সরকারের যখন শেষ সময় হবে অর্থাত্ ২০১৯-২০ অর্থবছরে করদাতার সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছি।’
তিনি বলেন, ‘১৬ কোটি মানুষ মধ্যে যদি ১৬ লাখ মানুষও কর দিতো তাহলেও বলতে পারতাম ১ শতাংশ করদাতা আছে দেশে। আমরা জনসংখ্যার ২ শতাংশ করদাতা করতে চাচ্ছি। এটা উচ্চাভিলাষী টার্গেট আমি জানি। কেননা ১১ লাখ থেকে ৪০ লাখে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হবে। তবে এটা আমার একটা বড় ধরনের চ্যালেঞ্জ।’
