রাজধানীর রূপনগর ৩ নম্বর রোডের ৪১ নম্বর বাসা থেকে বাবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাবুল হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি স্ত্রী ও ছেলে বকুলকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার পুলিশকে জানান, স্বামীকে দেশে রেখে তিনি দীর্ঘদিন দুবাই ছিলেন। ১০ দিন আগে তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর স্বামীর সঙ্গে একটি মেয়ের সম্পর্কের কথা জানতে পারেন। এ নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর রাতেই কুলসুম আক্তার ছেলে বকুলকে নিয়ে পাশে অবস্থিত ভাইয়ের বাসায় চলে যান। সকালে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামীর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে আসে।
রূপনগর থানার এসআই আসাদুজ্জামান জানান—পরিবারের খবর পেয়েই লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারনা করছে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরেই বাবুল হোসেন আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
