সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে।
সংযুক্ত আরব আমিরাতের শুষ্ক পিচে মানসম্মত স্পিনের বিপক্ষে অনভিজ্ঞ ইংল্যান্ড দলের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে টেস্টে ১১৮১৪ এবং ওয়ানডে ক্রিকেট ১২৬৫০ রান করা মাহেলাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি।)
মাহেলা ছাড়াও এ সফরে সিমিত ওভারের সিরিজে ইংল্যান্ড দলে পরামর্শক হিসেবে কাজ করবেন পল কলিংউড। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করা কলিংউডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০১০ আইসিসি টি-২০ বিশ্বকাপ জয় করেছিল ইংল্যান্ড। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন কলিংউড।
ইসিবি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে জয়াবর্ধনে ও কলিংউডের নিয়োগের ঘোষণা দেয়। ইসিবির ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস বলেন, মাহেলা এবং পল ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেয়ায় আমরা আনন্দিত। দলে থাকা নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ কোচরা তাদের কাছ থেকে আরো সহায়তা পাবেন। উভয়েই তাদের ক্রিকেট অভিজ্ঞতা দিয়ে দলকে আরো সমৃদ্ধ করবেন এবং উপমহাদেশে মাহেলার ব্যাটিং অভিজ্ঞতা সংযুক্ত আরব আমিরাতে দলের জন্য অনেক বেশি সহায়ক হবে।
ইতোপুর্বে দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তানে সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড। এন্ডি ফ্লাওয়ার ও গ্রাহাম গুচ কোচ থাকাকালে সাপোর্টিং স্টাফদের অন্যতম সদস্য ছিলেন মুশতাক। আবু ধাবিতে ১৩ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে পাকিস্তান সফর শুরু করবে ইংল্যান্ড। বাসস
