চাঁদপুরে হাজীগঞ্জের দিকচাইল বহুমুখী সমবায় সমিতি প্রায় দেড় হাজার গ্রাহকের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে গেছে এই সমিতি। বুধবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচো বাজারে সমিতির কয়েক শতাধিক গ্রাহক মানবন্ধন করেছে। মানবন্ধনে গ্রাহকরা টাকা ফেরত ও সমিতির চেয়ারম্যান জাকির হোসেনের শাস্তি দাবি জানায়।
জানা গেছে, গ্রাহক আমেনা বেগমের ৩০ হাজার টাকা, মোবাশ্বেরার এক লাখ, বিলকিছ বেগমের এক লাখ ৯ হাজার ৭’শত টাকা, বিকরুল ইসলামের এক লাখ টাকা, খাদিজা বেগমের এক লাখ, শাহআলমের এক লাখ টাকা, জেসমিন আক্তারের এক লাখ টাকাসহ প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে সমিতির কর্মকর্তারা।
গ্রাহক নূরে আলম ছিদ্দিকী বলেন, 'সমিতির চেয়ারম্যান জাকির হোসেন পরিবারের লোকজন নিয়ে ২০১০ সালে কার্যক্রম শুরু করেন। এই অফিসে ম্যানেজার হিসেবে ছিলেন দিগছাইল গ্রামের তার ভাতিজি আছমা আক্তার, অন্যান্য পদে তার মামাতো ভাই রাশেদ, ভাগিনা কাউছার আলম কাজ করছিলেন। এখন সবাই পলাতক রয়েছেন।
খবর নিয়ে জানা গেছে, সমিতির চেয়ারম্যান জাকির হোসেন রাজনৈতিকভাবে কয়েকটি মামলার শিকার। তিনি জামায়াত ইসলামী দলের একজন সমর্থক। তার খালাতো ভাই ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবু জাফর ছিদ্দিকী। তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আলো রাণী সরকার বলেন, জেলা সমবায় কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। তারপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'গত দুই মাসে জেলায় প্রায় ২০০ সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। জনবল কম থাকায় প্রয়োজনীয় কার্যক্রম তড়িত গতিতে করা যাচ্ছে না।' ভোক্তভুগী গ্রাহকদের প্রসঙ্গে তিনি বলেন, 'গ্রাহকরা আইনের আশ্রয় নিতে হবে। তাদের আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।'
