পুঁজিবাজারে বৃহস্পতিবার সার্বিক মূল্য সূচক বাড়ার সাথে সাথে লেনদেনও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫১৪ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানি ঘিরে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ টাকা। আর ওষুধ খাতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ২১ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৮৭ কোটি ১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।
