ইউরোপা লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। অন্যদিকে, রাশিয়ার ক্রাস্নোদারের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাশিত জয় পায় বুরুশিয়া ডর্টমুন্ড।
বোর্ডেক্সের মাঠে গ্রুপ ‘বি’র ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা। এর ১৬ মিনিট পর ফেরেইরা জুসি বোর্ডেক্সকে সমতায় ফেরান। দুই দলই আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত ড্র দিয়েই ম্যাচটি শেষ হয়।
IMG0
অন্যদিকে, ঘরের মাঠে ক্রাস্নোদারের বিপক্ষে জয় পেয়ে বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ১২ মিনিটে ক্রাস্নোদারকে লিড এনে দেন রাশিয়ান মিডফিল্ডার পাভেল মামায়েভ। প্রথমার্ধের যোগ করা সময়ে পার্কের ক্রসে জার্মান ডিফেন্ডার মাথিয়াস গিন্টার গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার জো-হো পার্কের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।
