নতুন ক্লাব ফ্লামিনেন্সের সাথে এখনো তেমনভাবে মানিয়ে নিতে পারেননি সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো। কিন্তু ফ্লামিনেন্সের নতুন কোচ এডুয়ার্ডো ব্যাপতিস্তা মনে করেন দলে এখনো তার ভূমিকা অপরিসীম।
জুলাইতে রিও ডি জেনিরোর ক্লাবটিতে যোগ দেবার পর থেকে ছয় ম্যাচ চলেও গেলেও এখনো গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা। পালমেইরাসের কাছে ঘরের মাঠে বুধবার ৪-১ গোলে পরাজিত ম্যাচটিতে ৩৫ বছর বয়সী রোনালদিনহোকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছিল। এই ম্যাচের পরপরই দলের নিয়মিত কোচ এন্ডারসন মোরেইরা তার চাকুরী হারান।
বৃহস্পতিবার নতুন কোচ হিসেবে দলে যোগদানের পরে ব্যাপতিস্তা বলেছেন, রোনালদিনহো অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়, তার গুন অপরিসীম। তার প্রতি সকলের গুরুত্ব দেয়া উচিত। আমি ইতোমধ্যেই তার সাথে বিস্তারিত আলোচনা করেছি। সে দলকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। ২৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ফ্লামিনেন্স ব্রাজিলের সিরি-আ লীগে বর্তমানে নবম স্থানে রয়েছে। বাসস
