৩ দিন বিদ্যুৎ নেই হাসপাতালে, চরম দুর্ভোগে রোগীরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৮
 
ঝালকাঠি সদর হাসাপাতালে গত ৩ দিন ধরে পাওয়ার হাউজের প্যানেল বোর্ডে আগুন লেগে সুইচ বোর্ডের গিয়ার পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এতে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। হাসপাতালের অপারেশন, ইসিজি, এক্সরেসহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গরমে এবং টয়লেটে পানি না থাকায় আরো অসুস্থ হয়ে পরছে রোগীরা।
 
গত ১৭ সেপ্টেম্বর থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ঝালকাঠিতে বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী গোলাম মাহাবুব পাওয়ার হাউজটি পরিদর্শন করেন। এ সময় ঝালকাঠি সিভিল সার্জন তার সঙ্গে ছিলেন। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। এ ব্যাপারে শনিবার ঝালকাঠি সদর হাসাপাতালের পাওয়ার স্টেশন পরিদর্শনে এসে বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী গোলাম মাহাবুব বলেন, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে। তবে বিকল্প ব্যাবস্থায় হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের জন্য পিডিবির নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।
 
ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার আ. রহিম বলেন, গত ৩ দিন থেকে পাওয়ার স্টেশনের সুইচ বোর্ডের গিয়ার পুরে যাওয়ায় হাসাপাতালের বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি এক্সে, ইসিজিসহ সকল কার্যক্রম স্থবির হয়ে পরেছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।