চাঁপাইনবাবগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে পথচারীর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৭
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাতানুর (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে বন্দরের বালিয়াদিঘী ২ নম্বর ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাতানুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক সোনাসজিদ স্থলবন্দরে প্রবেশ করছিল। এ সময় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে বিপরীতমুখী বাংলাদেশি একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পাতানুরের মৃত্যু হয়।
 
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভারতীয় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।