হোল্ডারকে সমর্থন দিলেন ভিভ রিচার্ডস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৯

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের নিয়োগকে সমর্থন দিয়ে সাবেক অধিনায়ক ভিভিয়ান রিচার্ডস বলেছেন পুরো দলের শ্রদ্ধা অর্জনই এখন ২৩ বছর বয়সী এই অল রাউন্ডারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।


দলের এত বড় দায়িত্ব কাঁধে তুলে নেবার জন্য হোল্ডার এখনো বয়সে অনেক তরুণ- সমালোচকদের এই চিন্তাকে উড়িয়ে দিয়ে মাস্টার এই ব্যাটসম্যান বলেছেন, বয়সে তরুণ হলেও এই বয়সেই দায়িত্বটা শুরু করার ভাল দিকও আছে। সে যদি সৌভাগ্যবান হয় তবে সেটা আমাদের জন্যই সাফল্য বয়ে নিয়ে আসবে। নিয়মিত বিরতিতে অধিনায়ক পরিবর্তনের চেয়ে আমরা দীর্ঘমেয়াদে একজনকে এই পদে রাখতে পারবো। আমি বিশ্বাস করি হোল্ডারের মধ্যে সেই প্রতিভা আছে। হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজ দলে তার আর্বিভাব হয়েছে। আর অনেকটা নতুন হিসেবে এত বড় দায়িত্ব পাওয়াও সৌভাগ্যের। এখন প্রয়োজন সতীর্থদের সহযোগিতা।


টেস্ট অধিনায়ক হিসেবে স্যার ভিভ রিচার্ডসের কোন সিরিজ হারের অভিজ্ঞতা নেই। তার মতে শুধুমাত্র অধিনায়কত্বই নয় হোল্ডার নিজের খেলার উন্নতির জন্যও পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে ব্যাটিংয়ে। একজন ফাস্ট বোলার হিসেবে ক্যারিবীয় দলে অভিষেক হলেও ইংল্যান্ডের বিপক্ষে এপ্রিলে সেঞ্চুরি করার পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাসখানেক পরেই ৮২ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়ে হোল্ডার নিজেকে ব্যাটসম্যান হিসেবেও পরিচিত করেন। বাসস