‌‘রিয়ালের জন্য বেনিতেজই সঠিক কোচ’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৩

নিজেদের ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনায় রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিতে রাফায়েল বেনিতেজকেই যোগ্য কোচ হিসেবে মানছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।


চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা হারানোর পরে গত মৌসুমের শেষে কার্লো আনচেলত্তির স্থানে রিয়ালের দায়িত্ব পান ন্যাপোলির সাবেক কোচ বেনিতেজ। লা লিগায় নতুন উঠে আসা স্পোর্টিং গিজনের সাথে মৌসুমের প্রথম ম্যাচেই গোল শুণ্য ড্র করার পরে তিনটি ম্যাচে গ্যালাকটিকোদের জয় উপহার দেন বেনিতেজ। শুধুমাত্র জয়ই নয় ম্যাচগুলোতে ১২ গোল করে রিয়াল নিজেদের শক্তির জানান দেয়। নতুন কোচের অধীনে রিয়ালের এই ধারাবাহিকতায় দারুন উচ্ছসিত ক্লাব সভাপতি। ক্লাব সদস্যদের এক সভায় পেরেজ বলেছেন, গত মৌসুমটা দুই ভাগে ভিন্ন পরিস্থিতিতে ছিল রিয়াল। মৌসুমের প্রথম ভাগটা দারুন কেটেছে। আমরা দুটি শিরোপা জিতেছি, একইসাথে টানা ২২টি ম্যাচে জয়ী হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ভাগে এসে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। তাছাড়া বেশ কয়েকটি ইনজুরিতে আমরা শেষ পর্যায়ে পিছিয়ে পড়ি।

 

জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে পেরেজ বলেন, এবার আমরা প্রথম থেকেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এটাই আমাদের এবারের লক্ষ্য। আনচেলত্তির অবদান আমরা সবসময়ই মনে রাখবো। ক্লাব ইতিহাসে তারই অধীনে দশমবারের মত রিয়াল ইউরোপিয়ান কাপ শিরোপা জয় করেছিল। তবে বর্তমান কোচ রাফায়েল বেনিতেজের কথা আলাদা করে বলতেই হয়। রিয়ালের জন্য সে-ই সেরা কোচ। তারুণ্যের কৌশলে সে রিয়ালকে খেলাচ্ছে। তার কোচিং পদ্ধতিতে কঠোর পরিশ্রমই মূল কথা। খেলোয়াড়দের কাছ থেকে এর মাধ্যমে সেরাটাই তিনি বের করে নিচ্ছে। বাসস  ও মার্কা