গত দুই দিনে নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুস্পৃষ্টে এক স্কুল ছাত্র ও সাড়ের ছোবলে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের মফিজার রহমানের পুত্র পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম (১৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ ব্যাপারে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট জানান, সারাদিন ওই এলাকায় বিদ্যুৎ ছিলনা। এ অবস্থায় রাত ৮টার দিকে নাজমুল তার নিজ বাড়িতে বিদ্যুতের খুটিনাটি সারাইয়ের কাজ করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে, রবিবার রাতে উপজেলার উত্তর গোমনাতী তিস্তার পাড় গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী শাবানা বেগম (৩৮) সাপের ছোবলে মারা গেছেন বলে গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরকার জানান।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেন।
