কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় এসআই মো. মনিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। এসময় ১শ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে জেলার বুড়িচং উপজেলার পাঁচড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এদিকে আহত এসআই মনিরুজ্জামানকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ধরনের মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী পাঁচড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় মাদক ব্যবসায়ীরা টের পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বুড়িচং থানার এসআই মনিরুজ্জামানের (৪২) ওপর হামলা চালায়। এতে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে। এ সময় লিটন খান (৩৫) ও শাহেনশাহ (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১শ পিস ইয়াবাহসহ আটক করে বলে পুলিশ জানিয়েছে। পরে এসআই মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুড়িচং থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং অপর মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
