পুঁজিবাজারে লেনদেন কমেছে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৩
 
পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেন কমেছে। ঈদুল আজহা কেন্দ্র করে বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি কমে যাওয়ার কারণেই লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৬৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৫৪ কোটি টাকা কম। এই দিন বাজারের সার্বিক মূল্যসূচক বাড়লেও কমে গেছে লেনদেনের পরিমাণ।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৯৬ কোটি ৪০ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪ লাখ টাকা। লেনদেনকৃত ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে, ফ্লোর স্পেস ক্রয় করবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বসুন্ধরা এলাকার জগন্নাথপুরে নির্মাণাধীন রহমান এ জে ট্রেড সেন্টারে ৪টি কার পার্কিং স্পেসসহ ৮ হাজার বর্গফুট ফ্ল্লোর স্পেস ক্রয় করবে এনবিএল। এতে মোট ব্যয় হবে ৩২ কোটি ৪০ লাখ টাকা। 
 
ডিএসই আরো জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের উত্পাদনক্ষমতা বাড়াতে যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রপাতি আমদানিতে মোট ব্যয় হবে ১০  কোটি টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন যন্ত্রপাতি আমদানির ফলে কোম্পানিটির প্রতিদিন ৩০ মেট্রিক টন উত্পাদনক্ষমতা বাড়বে।