হবিগঞ্জে মাদক ব্যবসায়ী দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের নিকট থেকে ২০ পিচ ইয়াবা, একটি চাকু জাতীয় কাটার ও নগদ ২ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- শহরের রাজনগর এলাকার ফজলুর রহমানের ছেলে শিপন (২১) ও শাহ মহিউদ্দিনের ছেলে রুবেল (২০)।
ডিবির এসআই সুদ্বীপ রায় জানান, রুবেল পেশাদার মাদক ব্যবসায়ী। শিপন তার মাদক এক স্থান থেকে অন্যস্থানে সরবরাহ করে থাকে। তারা মঙ্গলবার রাতে ইয়াবার চালান আনতে বানিয়াচংয়ে গিয়েছিল। সেখানে কোন কারণে মাদক না পেয়ে ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে জেলা শহরের সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগেও একবার ৭০ পিস ইয়াবাসহ পেট্রোল পাম্প এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।
