ইকবাল মাহমুদের বদলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। ইকবাল মাহমুদের নিয়োগ আদেশ দেওয়ার এক মাসের মধ্যে তাতে পরিবর্তন করল সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানান।
যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি। তিনি সেখানে শাহ মাহমুদ নামে পরিচিত। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হচ্ছে।
তার উত্তরসূরি হিসেবে গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদের নাম ঘোষণা করা হয়েছিল। বিটিআরসি চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার হওয়ায় ইকবাল মাহমুদ এতে যোগদানে অনাগ্রহী ছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। এর মধ্যেই বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ বাতিল করে। একই সঙ্গে শাহজাহান মাহমুদকে চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ সামলে আসা ইকবাল মাহমুদ তার নিয়োগ আদেশ বাতিলের প্রতিক্রিয়ায় কিছু বলতে রাজি হননি। এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক এই সচিব জানান, "সরকার যা আদেশ দেবে, তাই আমাদের পালন করতে হয়।"
শাহজাহান মাহমুদকে নিয়োগের আদেশে বলা হয়েছে, অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১১ মে, ২০১৮ সাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল। জনপ্রশাসনের কর্মকর্তা সুনীল বোসের আগে বিটিআরসির চেয়ারম্যান ছিলেন সেনা কর্মকর্তা জিয়া আহমেদ। তার আগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এই দায়িত্বে ছিলেন আরেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল আলম। তারও আগে বিটিআরসি প্রধানের দায়িত্ব পালনকারী মার্গুব মোর্শেদ ও ওমর ফারুক দুজনই ছিলেন সচিব। বিডিনিউজ।
