ঢাকার গাবতলী থেকে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ জ্যামে পড়তে হয়েছে রাজধানী থেকে ঘরমুখী মানুষদের। বিকালে আরিচা থেকে শুরু হওয়া জ্যাম সন্ধ্যায় গাবতলী পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। এ সময় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়েছে যাত্রীদের। সবচাইতে অসহায় অবস্থা ছিল শিশু ও নারীদের।
সকাল থেকে রাজধানী ত্যাগ করতে থাকে ঘরমুখী মানুষগুলো। ইচ্ছা পরিবারের সঙ্গে ঈদের ২-৩ দিন আনন্দে কাটানো। কিন্তু আরিচায় ফেরির জন্য দীর্ঘ প্রতিক্ষায় রয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিটি গাড়িকে গাবতলী থেকে রওনা দিয়ে শুধু ফেরি পার হতেই লেগে যাচ্ছে ৬ থেকে ৭ ঘণ্টা। ঘাটে গিয়ে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা!
এই যানজটের কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাস কাউন্টারে। গাবতলীতে বাসের জন্য অপেক্ষায়রত এক যাত্রী জানায়, বিকেল ৪টা থেকে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। বাসটি ৫টার মধ্যে আসার কথা থাকলেও এখনও পৌছায়নি কাউন্টারে। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে করতেই ক্লান্ত হয়ে গেছে তার ৮ বছরের ছেলে এবং স্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া ফেরঘাটে যানচলাচল আগের চেয়ে কিছুটা গতি পেয়েছে। কিন্তু এখনও যানজট অব্যহত আছে গাবতলী এলাকায়।
এদিকে সন্ধ্যা থেকে রাজধানীতে বৃষ্টির কারণে রয়েছে দীর্ঘ যানজট। বরাবরের মতই কারওয়ান বাজারে পানি জমে থাকতে দেখা যায়। কারওয়ান বাজার থেকে শাহবাগ সিগন্যালে যেতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা।
