খুলনায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে অপহৃত দুই বছরের শিশু রাইসাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর বুধবার রাত সাড়ে ৮টারদিকে নগরীর জিন্নাহপাড়া ৪ নম্বর গলি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এর আগে সকাল সাড়ে ৯টারদিকে নগরীর শিপইয়ার্ড সংলগ্ন মতিয়াখালী এলাকার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
এর আগে দুপুরে অপহৃত শিশুর বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালীর নিজ বাড়ির (২১নং হোল্ডিং) মধ্য থেকে সকাল সাড়ে ৯টারদিকে তার শিশু কন্যা রাইসা খেলা করছিল। এ সময় কয়েকজন বাড়িতে ঢুকে জোর করে শিশুটিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে- সেটি ধারণা করতে পারছেন না তিনি। তবে ঘটনার কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মেয়েকে ফিরে পাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে তিনি বিকাশের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা দেন। কিন্তু আরও টাকা না দিলে ছাড়বে না বলে অপহরণকারীরা জানিয়ে দেয়। বিষয়টি তিনি পুলিশ,র্যাব এবং স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও সাংবাদিকদের জানান। এরপর শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা শুরু হয়।
