সাগরে ভাসমান মুমূর্ষু চার জেলে উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ০২:৫০

ঝড়ে  ট্রলার ডুবির  তিন দিন পর গভীর বঙ্গোপসাগর  থেকে  ভাসমান  চার জেলেকে  মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাথরঘাটার জেলেরা মঙ্গলবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে। এরা হলেন, জামাল খান, মো. বেলাল, মো. নেসার ও বেলাল মিয়া। জামাল খানের বাড়ি  পাথরঘাটার  চরদোয়ানীতে। বাকি তিনজনের বাড়ি  পাথরঘাটা ও বাগেরহাটে বলে জানা গেছে।

 
 সূত্র জানায়, উদ্ধার হওয়া জেলেদের লাইফ জ্যাকেট পরা  ও জালের ফ্লটে জড়ানো অবস্থায় খোঁজে পায়  এফবি জাকিয়া নামের ট্রলারের মাঝিরা। মৃতপ্রায় এ জেলেদের নিয়ে রাতেই পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেন তারা। মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে গতকাল বুধবার বিকালে ফোনে এ খবর দিলে  মত্স্য ব্যবসায়ীদের অনুরোধে কোস্টগার্ডের একটি বোট ঐ জেলেদের এনে গতকাল রাত সাড়ে আটটার দিকে  পাথরঘাটার একটি  হাসপাতালে ভর্তি  করে। 
 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী উদ্ধারকারী জেলেদের বরাত দিয়ে ইত্তেফাককে জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাকিয়া বোটের জেলেরা সাগরে জাল পাতা শুরু করলে ভাসমান ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে কাছে ছুটে গিয়ে দেখতে পান মানুষ। ১৬টি ফ্লটের (জাল পাতা ভাসনি) মাঝে তিনজন মানুষের মাথা ও লাইফ জ্যাকেটে ভাসানো একজনসহ প্রায় নিথর এ চারজন মানুষকে উদ্ধার করে ট্রলারে তুলেই জাকিয়ার জেলেরা পাতা জাল গুটিয়ে ফেলেন।
 
প্রসঙ্গত গত রবিবার ভোররাতে সুন্দরবন উপকূলসহ বঙ্গোপসাগরে অর্ধশতাধিক ট্রলার ডুবি হলে বহু জেলে নিখোঁজ হয়। যাদের মধ্যে দুবলার চরে ছয়জনের লাশসহ বহু লাশ সাগর বক্ষে ভাসতে দেখা গেছে। গতকাল বুধবারও সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যের চরে চারজনসহ গত চার দিনে দুই শতাধিক জেলে উদ্ধার করা হয়েছে।