বগুড়ায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৩৫), আবদুল কাদের (২৮) এবং আশরাফুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড়গামী বাসটির যাত্রী গাইবান্দার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদের এবং আশরাফুল ইসলাম মারা যান।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে। তবে চালক -হেলপার পালিয়ে গেছে।
