ভারতে অনুপ্রবেশকারী ৭ কিশোরের ঘরে ফেরা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০০
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৭ কিশোর সাজাভোগ শেষে দেশে ফিরেছে, চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা যাদের অবৈধপথে ভারতে পাচার করেছিল। বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের হস্তান্তর করে বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক মোমিনুল ইসলাম জানান।
 
 
তিনি বলেন, ভারত সরকারের দেয়া বিশেষ পাসের মাধ্যমে তারা ফিরে এসেছে। এই কিশোরেরা হলেন- খুলনার ঢোলখোলা গ্রামের জিয়া আলীর ছেলে সাব্বির হোসেন (১৪), বাসতলা গ্রামের আবু তালেবের ছেলে ছালাম হোসেন (১৪), কালেরডাঙ্গা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাগর হোসেন (১৫), ফেনীর দাগনভুঞা উপজেলার উত্তর জয়লস্কর গ্রামের সামসুরের ছেলে জাহিদুল ইসলাম (১৪), সাতক্ষীরার রায়ের খোলা গ্রামের মুজিবর রহমানের ছেলে আমানুল্লা ইসলাম (১৬), দোলিইপুর গ্রামের আশরাফ আলির ছেলে শাহিনুর রহমান (১৬) ও বাগেরহাটের মালিপাটন গ্রামের টুলু শেখের ছেলে কাওছার শেখ (১৫)।
 
 
মোমিনুল ইসলাম জানান, কলকাতায় ঘোরাঘুরি করার সময় সেখানকার পুলিশ এই সাতজনকে আটক করে। পরে আদালত তাদের দেড় বছর সাজা দেয়। আদালতের অনুমতি নিয়ে কলকাতার মানবাধিকার সংস্থা ‘ধুবাশ্রম শেল্টার হোম’ সাজা পাওয়া এই কিশোরদের তাদের জিম্মায় রাখে। পরে মেয়াদ শেষে দুই দেশের যোগাযোগের ভিত্তিতে তাদের ফেরত আনা হয়। ফিরে আসা কিশোরদের প্রথমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাতেই তাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির কর্মকর্তা নুরুনাহারের কাছে হস্তান্তর করা হয় বলে ওসি অপূর্ব হাসান জানান। আপাতত ওই সাতজনকে আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে জানিয়ে নুরুনাহার বলেন, পরে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।