নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:০৬


নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় মিলয় নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের রামগঞ্জ-চৌমুহনী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার প্রতিবাদে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

নিহত মিলয় ঐ এলাকার নূর ইসলাম খোনার বাড়ির ছায়দুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, শনিবার সকালে শিশু মিলয় রামগঞ্জ-চৌমুহনী সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মজুমদারহাট বাসার সংলগ্ন সালামের দোকান এলাকায় মিলয়কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা রামগঞ্জ-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে তারা অবরোধ তুলে নেয়।