ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে ২০কিমি দূরে শশীভূষণ থানার দুর্গম হাজারীগঞ্জের বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতাল এবং পরে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাতের খাবার খেয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যান। রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায়। হামলায় গুরুতর আহত রাজ্জাক রাস্তার পড়ে থাকার সংবাদ পেয়ে আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাত পৌনে তিনটায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার গুরুতর দেখে তাকে (রাজ্জাক) তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় কর জানান। ভোলা সদর হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত রাজ্জাক চরফ্যাশন পৌরসভার হারুন কমিশনার ও চরফ্যাশন বাজার ব্যবসায়ী ক্ষুদিরাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্বে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিদর্শক শহিদুল ইসলাম শহিদ জানান, লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে আছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
