চুয়াডাঙ্গায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত একটি যানের (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সুবদিয়া সিপি বাংলাদেশ ফিডমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলশিক্ষক খায়রুল আলম (৬০) এবং আলমসাধু চালক শফিউদ্দিন (৩৬)।
এ সময় আহত হয়েছেন নিহত স্কুলশিক্ষকের স্ত্রী আলিয়া খাতুন (৫২)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই নাসির জানান, শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক খায়রুল আলম ও তার স্ত্রী আলিয়া খাতুন এবং আলমসাধু চালক শফিউদ্দিনসহ তিনজন চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিল। আলমসাধুটি চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের সিপি বাংলাদেশ ফিডমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৭৯৩) সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আলমসাধু চালক শফিউদ্দিন নিহত ও স্কুলশিক্ষক খায়রুল আলম ও তার স্ত্রী আলিয়া খাতুনগুরুতর আহত হন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক খায়রুল আলমকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে মাগুরা এলাকায় মারা যান তিনি।
স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।
