গাজীপুরে বন্ধুদের হাতে কলেজছাত্র খুন, আটক ২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৫৮


গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের হাতে মাসুদ রানা (২০) রানা নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। শনিবার রাতে কালিয়াকৈর পৌরসভার ছোট লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ঘাতককে ধরে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত মাসুদ রানা ঐ এলাকার নুরুল ইসলাম নবীর ছেলে এবং কালিয়াকৈর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ রানার বাবা-মা তাকে বাড়িতে রেখে ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে তিনি তার দুই বন্ধু অমিত (২২) ও পারভেজকে (২০) নিয়ে বাসায় ঘুমায়। রাতে ঐ দুই বন্ধু কাঁচি দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মাসুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে প্রতিবেশিরা অমিত ও পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কালিয়াকৈর থানার এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদের শরীরের বিভিন্ন স্থানে বহু আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কাঁচি উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপরে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।