উন্নয়নশীল দেশের জন্য চীনের ২ বিলিয়ন ডলার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩১
 
উন্নয়নশীল দেশগুলোর জন্য দুই বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে সেখানে বিনিয়োগ বাড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি। উন্নয়ন লক্ষ্য নির্ধারণ বিষয়ক জাতিসংঘের এক শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই ঘোষণা দেন। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
চীনের প্রেসিডেন্ট বলেছেন, আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ‍চীনা বিনিয়োগের পরিমাণ ১২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
 
তিনি আরো জানিয়েছেন, চীন ছোট দ্বীপরাষ্ট্রগুলোসহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর ঋণ মওকুফ করে দিতে পারে।
 
শি জিনপিং বলেছেন, বেইজিং আগামী পাঁচ বছরে ৬০০টি বিদেশি প্রকল্পে সহায়তা করবে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের পরিমাণ বাড়াবে।
 
তিনি বলেছেন, বর্তমান বিশ্বে শান্তি ও উন্নয়ন প্রধান দুটি বিষয়। ইউরোপের সাম্প্রতিক শরণার্থী সংকটসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান শান্তি ও উন্নয়নেই নিহিত আছে।
 
চীনের প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতির মোকাবিলায় উন্নয়নের কোনো বিকল্প নেই। শুধুমাত্র উন্নয়নই সংঘাতের কারণগুলো দূর করতে পারে।
 
সম্মেলনে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য ও ক্ষুধা দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।