ফেসবুকে হজ সম্পর্কে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাকে আটক করে পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোহন কুমার মন্ডল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ‘শয়তানকে পাথর মারতে মিনায় যেতে হবে কেন?
লাশ দেখে মনে হয় লতিফ সিদ্দিকী ভাই ঠিকই বলেছিলেন’। তার এ স্ট্যাটাস মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মোহনের বিরুদ্ধে শনিবার দুপুরেই মামলটি রেকর্ড হয়েছে। যার মামলা নং- ৩৬। এ সময় তার সঙ্গে থাকা তার সহকর্মী (লিডার্সে কর্মরত) শওকত হোসেনকেও আটক করা হয়।
