নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০০
নাটোরের বাগাতিপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাগাতিপাড়া থানার পিছনে বারইপাড়া এলাকায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের মারপিটে আহত চালক পরে হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় বাগাতিপাড়া থানায় মামলা হয়েছে। 
 
স্থানীয়রা জানান, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার কাশেম আলীর ছেলে ঝন্টু (২৫) যাত্রী বোঝাই অটোরিকশা নিয়ে নাটোর থেকে বাগাতিপাড়ায় যাচ্ছিলেন। রাত আটটার দিকে থানার পিছনে বারই পাড়া এলাকায় সাত থেকে আটজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাকে থামায়। গাড়িতে হেরোইন আছে এমন অভিযোগ এনে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিকশা চালক ঝন্টুকে মারপিট করে হাতকড়া পরিয়ে দেয়। পরে যাত্রীরা সেখান থেকে সরে গেলে ছিনতাইকারীরা ঝন্টুর হাতকড়া খুলে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে। ঝন্টু এসময় প্রাণ ভয়ে পালিয়ে গেলে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে অটোচালক ঝন্টু বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা করে। 
 
বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।