কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো চার শিশুকে। শনিবার দুপুর দেড়টায় সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। এরা হলো, জেলা শহরের পশ্চিম লারপাড়া এলাকার লোকমান হাকিমের মেয়ে তাসমিনা আক্তার (১০) ও কুতুপালং রোহিঙ্গা শরনার্থী থেকে লোকমান হাকিমের বাড়িতে বেড়াতে আসা মিনা আক্তার (১২)।
জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ঈদের ছুটিতে সৈকতের কলাতলী পয়েন্টে বেড়াতে আসে শহরের পশ্চিম লারপাড়া এলাকার ছয় শিশু। শনিবার দুপুর একটার দিকে তারা গোসল করতে নামে। গোসল করার সময় স্রোতের টানে ওই ছয় শিশু ভেসে যায়। এ সময় লাইফগার্ড কর্মীরা তাদের মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক উত্তম কুমার জানান, তাদের হাসপাতালে নিয়ে আসলে শিশু মীনা ও তাসমিনাকে মৃত ঘোষণা করা হয়।আশঙ্কাজনক অবস্থায় মো. ইউনুস নামে এক শিশুকে ভর্তি করানো হয়েছে। অপর তিন শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
