তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহত আশরাফ আলী প্রামাণিক (৫০) উপজেলার ঘোড়শাল গ্রামের মৃত জেলাত আলী প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বরফ খাওয়াকে কেন্দ্র করে ঘোড়শাল গ্রামের এক কৃষকের সাথে এনায়েতপুর থানার কামালপুর গ্রামের এক ব্যক্তির বাক-বিতন্ডা হয়। আজ সকালে দুইগ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হবার কথা ছিল। দুপুর ১২ টার দিকে আশরাফ আলী কামালপুর গ্রাম হয়ে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। হত্যার খবর ছড়িয়ে পড়লে ঘোড়াশাল গ্রামাবাসী কামালপুর গ্রামে হামলা চালায়। এসময় কামালপুর গ্রামের অন্তত ২৫ জন আহত হয়।
হামলাকারীরা ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়াও তারা একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শাহজাদপুর ও এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
