ভূঞাপুরে বন্ধুদের হাতে কলেজ ছাত্র খুন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫১
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শনিবার গভীর রাতে এক কলেজ ছাত্রকে সহপাঠীরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ পাশ্ববর্তী গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামে ফেলে রেখে গেছে। নিহত সুমন মিয়া উপজেলার ফলদা গ্রামের রমজান আলীর ছেলে ও ভূঞাপুর ইবরাহীম খা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
 
জানা গেছে, উপজেলার ফলদা গ্রামের রমজান আলীর ছেলে কলেজ পড়ুয়া ছাত্র সুমনকে শনিবার মধ্যরাতে ফলদা ও সাজানপুর গ্রামের তার সহপাঠী কয়েকজন মিলে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যার পর লাশ পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সুমনকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রবিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
এলাকাবাসী জানায়, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে।
 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।