ঈদের ছুটিতে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৪
ঈদের ছুটিতে কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
 
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সকালে মহাসড়কের একই উপজেলার রায়পুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী পথচারী ঘটনাস্থলে নিহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. রফিকুল ইসলাম লিটন জানান, গাড়ির চাপায় মারা যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
 
অপরদিকে জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঈদের দিন শুক্রবার বিকালে মাইক্রোবাস চাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। তিনি জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুল সালাম জানান, বিভিন্ন স্থান থেকে কোরবানির মাংস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
 
এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলায় বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই উপজেলার লালমতি গ্রামের ছফর আলীর ছেলে।