ইলিশ ধরার অভিযোগে ভোলায় ২৮ জেলেকে এক বছরের কারাদণ্ড এবং তিনজনের প্রত্যেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ দণ্ড ও জরিমানা করেন।
ইলিশের প্রজনন মৌসুম রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, ইলিশ রক্ষায় রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান চালায়।
এ সময় নদীর ইলিশা, মাঝের চর, গাজীপুর চর ও কাঠিরমাথা এলাকা থেকে ৪টি বোটসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ৫০ কেজি ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ২৮ জনের এক বছর করে জেল ও ৩ জনের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা জাল মেঘনার তীরে পুড়িয়ে ফেলা হয়। অন্যদিকে বিভিন্ন এতিম খানায় ইলিশ মাছ বিতরণ করা হয়।
