নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঁঘা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংর্ঘষে গুলিতে ইকবাল সমাদ্দার (২৫) নামে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত ইকবাল একই গ্রামের দক্ষিণ পাড়ার রুপাই সমাদ্দারের ছেলে। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৬০ রাউন্ড গুলি বর্ষণ ও ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের সময় বোমার বিস্ফোরণও ঘটানো হয়।
লোহাগড়া থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঁঘা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খান মো. জাহাঙ্গীর আলমের সমর্থকদের সঙ্গে সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমুর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই সোমবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে হিমুর সমর্থক ইকবাল সমাদ্দার নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৬০ রাউন্ড শটগানের গুলি বর্ষণ ও ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
