বগুড়ার কাহালুতে পেপার মিলের মেশিন চেস্ট হাউজ পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বগুড়ার সান্তাহার সড়কে আজাদ পেপার মিলে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পর এএসপি (বি-সার্কেল) গাজিউর রহমান ও কাহালু থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।
নিহতরা হলেন- অপারেটর হিরা (২৮), তার পিতার নাম মাজেদ আলী। তার বাড়ি কাহালু উপজেলার ঝিনাই গ্রামে। শাহদৎ আলী (১৯), তার পিতার নাম ইজারত আলী, বাড়ি আটমুড়ায়। আদর (২৫), কাহালুর জুগার পাড়ায় তার বাড়ি।
আজাদ পেপার মিলের জিএম মোস্তাক আহমেদ জানান, প্রায় বিশ ফুট গভীর ওই মেশিন চেস্ট হাউজটিতে পরিষ্কার করার জন্য তিনজন শ্রমিক নামেন। পরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এখন লাশগুলো হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
