ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রঞ্জিত কুমার সরকার (৫২) মারা গেছেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। রঞ্জিত কুমারের বাড়ি নেত্রকানা জেলার মোহনগঞ্জের বাকরপুর গ্রামে।
রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ জানান, হাওয়া এক্সপ্রেসে করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ স্টেশনে পৌঁছান রঞ্জিত কুমার। সেখানে ট্রেন থেকে নেমে প্রাকৃতিক কাজ সারার জন্য স্টেশন সুপারের কক্ষে যান। বের হয়ে এসে ট্রেনটি ছেড়ে দিয়েছে দেখে দৌঁড় দেন। এসময় পা পিছলে পড়ে গিয়ে রঞ্জিত কুমার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
রঞ্জিত কুমারের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
