চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৩
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।
 
সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। নিহত কমল (৪৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকির ডেইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর শিশু, নারী ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারগামী মাইক্রোবাস ও চট্টগ্রামগামী মিনি-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজন মারা যান এবং ১০ জন আহত হন। নিহত ও আহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।
 
ওসি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাতজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।