কক্সবাজার ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ০২:৩৪

কক্সবাজার ও ফেনীতে গতকাল সোমবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত  ২০ জন।

 
কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গতকাল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমল (৪৫) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকির ডেইল এলাকার বাসিন্দা।
 
চকরিয়া থানার ওসি জানান, কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী মিনি-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মাইক্রোবাসের তিনজন মারা যান। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম হাসপাতালে এবং বাকী সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এদিকে ফেনী-মাইজদী সড়কের মাতুভূঞা ব্রীজ এলাকায় গতকাল মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।