সাভারে চালককে পিটিয়ে প্রাইভেটকার ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের তেঁতুলঝোড়া এলাকায় প্রাইভেটকারটি ছিনিয়ে নেয়া হয় বলে জানান আহত চালক শাহা আলম (৩৮)। তিনি সাভারের সাধাপুর এলাকায় বসবাস করেন।
শাহা আলম জানান, সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তিনজন মানিকগঞ্জ যাওয়ার জন্য আমার প্রাইভেটকারটি ভাড়া করেন। তাদের নিয়ে সিঙ্গাইর রোডে যাওয়ার পর বাড়িতে সমস্যা হয়েছে বলে স্ত্রী ফোন করেন।
তখন মানিকঞ্জ যাবেন না বলে জানালে যাত্রীবেশী ছিনতাইকারীরা শাহ আলমকে পিটিয়ে গুরতর আহত করে। পরে হাত-পা বেঁধে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
