সালথায় দুই গ্রুপে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৪
ফরিদপুরের সালথায় মোবাইলের মেমোরিকার্ড বেচাকেনা নিয়ে মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায়  অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ১২ জনকে আটক করে পুলিশ। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকালে মোবাইলের মেমোরিকার্ড বেচাকেনা নিয়ে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বারের সমর্থক টুকু সর্দারের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য নুরুদ্দীন মাতুব্বরের সমর্থক লাল মিয়ার কথাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র- ঢাল, কাতরা, সড়কি, ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
 
সংঘর্ষচলাকালে উভয় গ্রুপের অন্তত ১৪-১৫টি বসতবাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এসময় রণক্ষেত্র পরিণত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। টানা ৩ ঘণ্টা চলা এ সংঘর্ষে আলী মাতুব্বার, দুলাল মাতুব্বার, খালেক মোল্যা, রাসেল শেখ, মজিবর রহমান, আফছার উদদীন, কামাল, শুকুর, জামাল, আবুল হোসেন, বাতেন, কবির, শাহজাহান, চান মিয়া, মফি শেখ ও সুমনসহ উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। 
 
আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 
 
এ বিষয় সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকার পরিবেশ এখন শান্ত। ঘটনাস্থল থেকে ফরিদ শেখ (৩২), মঙ্গল মোল্যা (৩৮), রাশেদ (৩৮), ইচাহাক (৩২), ওহিদ খান (২২), আর্শেদ (৩৫), রাকিবুল (২৮), নবীন শেখ (৩০), বাবুল মাতুব্বার (২৫), অপু শেখ (১৮), ছালাম মাতুব্বার (৫০), ও বতু শেখ (২৫) নামে ১২ জনকে আটক করা হয়েছে।