সরাইলে ২ পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত অর্ধশত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও গ্রামবাসী জানায়, রবিবার গ্রামের ফজুর বাড়ির মুসা মিয়ার ভাগিনা কাউছার (১৫) চুল কেটে রং দেয়। চুলে রং দেওয়া নিয়ে বিরূপ মন্তব্য করে বাপ্পির বাড়ির কলম ধরের ছেলে জিয়াউর রহমান (১৪)। এনিয়ে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার গ্রামের সর্দার মাতব্বরা এ ঘটনার মীমাংসা করে দেন। পরে বিকেল পাঁচটার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চলে হামলা-পাল্টা হামলা। এ সময় শোলাবাড়ি গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়। বিপুল সংখ্যক পুলিশ ১৭ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।