ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে মসজিদে জুম্মার নামাজের জামাতকে কেন্দ্র করে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজি আবু নাসের পক্ষের সঙ্গে ইমাম হোসেনের লোকজনের বাক্বিতণ্ডা হয়। এর জের ধরে ইমাম হোসেনের লোকজন দা, লাঠি, বল্লম, লোহার রড, চাইনিজ কুড়াল, টেঁটা নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাজি আবু নাসেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মকসুদ মিয়া (৫৫), দৌলত মিয়া (৩৮), মোহাম্মদ আলী (৬৫), ইসমাইল মিয়া (৩৫) ও সোনা মিয়া (৬৫)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য জোর অভিযান চালানো হচ্ছে।
