মিলে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু: ক্যামিস্ট গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫৮
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বগুড়া-নওগাঁ সড়কের যোগারপাড়া গ্রামের পাশে অবস্থিত ‘আজাদ পাল্প এন্ড পেপার মিলে’ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মিলের তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা রাতে মিলের ক্যামিস্ট মোহসিন আলীকে (৫২) কাহালু থানার পুলিশ গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত মোহসীন কুষ্টিয়া জেলার সদর উপজেলার দুর্বাচর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে মামলার বাদী কাহালু থানার এক পুলিশ সদস্য জানান।
 
উল্লেখ্য, সোমবার সকাল ১১টার দিকে মিলের অভ্যন্তরে ২য় তলায় অবস্থিত পুরাতন কাগজ ভিজিয়ে গলানোর  জন্য প্রায় ২০ ফিট গভীর মেশিন চেস্ট হাউজ পরিস্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অপারেটর হীরা (২৮),শ্রমিক আদর (২৫) ও শাহাদত (১৯)ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতে মিলের মালিক আবুল কালাম আজাদ,জি.এম মোস্তাক আহম্মেদ, ক্যামিস্ট মোহসিন আলী ও ফোরম্যান আব্দুল কুদ্দুসসহ চারজনের নামে একটি মামলা করে।মোহসিন আলী এ মামলার ৩ নং আসামি বলে পুলিশ জানায়।