মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, ঐক্যবদ্ধ ও ধর্মনিরপেক্ষ সিরিয়া গড়তে বেশকিছু মৌলিক বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কেরি গতকাল মঙ্গলবার গণমাধ্যমের কাছে জানান, আজ বুধবার আবারো রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভের সাথে বৈঠক করবেন তিনি। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ সিরিয়া গড়তে হলে এটিকে ধর্মনিরপেক্ষ করতে হবে, সেখানে মাথাচাঁড়া দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দমন করতে হবে এবং সেখানকার ক্ষমতার পালাবদল দরকার। তবে সিরিয়ার ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে ভিন্ন মতামত থাকতে পারে।
এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা মিলিত হওয়ার মধ্যেই নিউইয়র্কে এক টেলিভিশন সাক্ষাত্কারে কেরি বলেন, সিরিয়া সংকট মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই সচেষ্ট রয়েছেন। সিরিয়া সংকট মোকাবিলায় সোমবার উভয় নেতা গঠনমূলক পদ্ধতিতে খোলাখুলি আলোচনা করেছেন বলেও জানান তিনি।
গৃহযুদ্ধের কারণে গত চার বছর ধরে অশান্তির আগুনে পুড়ছে সিরিয়া। তার সাথে যোগ হয়েছে আইএসের মতো সন্ত্রাস গোষ্ঠী। প্রত্যেকেই জানে সিরিয়া ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে যোগ করেন কেরি।
