লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যার এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও চারটি গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
 
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার জানান, নিহত আব্দুস জাহের (৩৫) স্থানীয়ভাবে ‘ধামা কালা’ নামে পরিচিত। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও থানা সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি ওমর ফারুক হত্যাসহ বেশ কয়েকটি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে তার বিরুদ্ধে।
 
তিনি আরও জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাতের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য গুলি করে। গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে ধামা কালার লাশ পাওয়া যায়।
 
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।