টুইটারে স্নোডেন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৫
 
 
টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। অ্যাকাউন্ট চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ মানুষ তাকে টুইটারে অনুসরণ করা শুরু করেছে।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম টুইটেই স্নোডেন লিখেছেন, ‘আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন?’
 
নিজের প্রোফাইলে স্নোডেন লিখেছেন,  ‘আমি সরকারের কাজ করতাম কিন্তু এখন জনগণের জন্য কাজ করি।’
 
যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোফিজিসিস্ট নিল দেগ্রাসে টাইসনকে প্রত্যুত্তর দেয়ার মাধ্যমে দ্বিতীয় টুইট করেন স্নোডেন। তার উদ্দেশে স্নোডেন কৌতুক করে লিখেন, ‘এখন মঙ্গলে আমরা পানি পেয়ে গেছি! আপনি কি মনে করেন তারা সীমান্তে পাসপোর্ট পরীক্ষা করে? একজন বন্ধুর জন্য আমার এই জানতে চাওয়া।’
 
‘The @Snowden’ অ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। স্নোডেন অ্যাকাউন্ট চালু করার মাত্র নয়ঘণ্টার মধ্যেই এটি নিশ্চিত করা হয়। টুইটারে আসার কয়েক ঘণ্টার মধ্যেই স্নোডেনের ফলোয়ার সংখ্যা সাত লাখ ১০ হাজার ছাড়িয়ে যায়।
 
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ'র গুপ্তচরবৃত্তির ঘটনা ফাঁস করে দেন স্নোডেন। ঐ বছরের মে মাসে তিনি পালিয়ে রাশিয়ায় যান এবং বর্তমানে সে দেশে সাময়িক আশ্রয়ে আছেন।