লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু জাহের আহমেদ ওরফে ধামা খালু (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আক্রমণে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত আবু জাহের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) জোনায়েদ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আবু জাহের চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। এক পর্যায় ডাকাত বাহিনী চলে গেলে ঘটনাস্থল থেকে ডাকাত ধামা কালাকে গুলিবৃদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় তার কাছে থাকা একটি এলজি, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের আক্রমণে ৫ পুলিশ সদস্য আহত হন বলেও জানান এ সহকারী পুলিশ সুপার।
তবে নিহতের মা খদিজা বেগমের দাবি, ছেলে স্থানীয় বিএনপি কর্মী হওয়ায় ডিবি পুলিশ পরিচয়ে তার ছেলে ধামা কালাকে ঘর থেকে আটক করে নিয়ে গুলি করে হত্যা করেছে।
১ সেপ্টেম্বর সকালে লতিফপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহব্বায়ক ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে ধামা কালাসহ সহযোগী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন থানায় দামা কালাকে হত্যা মামলা আসামি করে মামলা দায়ের করা হয়।
