লিওনেল মেসির অনুপস্থিতিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায় লুইস এনরিকের দল। বার্সেলোনার পক্ষে গোল দুটি করেন সের্হি রবের্তো ও লুইস সুয়ারেস।
ক্যাম্প ন্যুয়ের ম্যাচটিতে প্রথম গোল করে লেভারকুসেন। ২২তম মিনিটে গোল করেন পাপাদোপৌলস। হাকান কালাহানোগ্লুর কর্নারে খুব কাছ থেকে হেড করে বার্সেলোনার জালে বল পাঠান তিনি।
IMG0
৩৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে যান বেলারাবি। সরাসরি টের স্টেগেনের দিকে শট নিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি।
৩৯তম মিনিটে নেইমারের শট বারে লেগে ফিরলে জোরালো শট নেন সান্দ্রো। কিন্তু গোল লাইনের সামনে থেকে প্রচেষ্টাটি ব্যর্থ করে দেন পাপাদোপোলোস। দুই মিনিট পর রাকিতিচের ফ্রি কিক ঠেকিয়ে লেভারকুসেনের ত্রাতা লেনো।
বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে বেলারাবির ক্রস বারের ওপর দিয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মেক্সিকোর ফরোয়ার্ড এর্নানদেস।
IMG1
৫৭তম মিনিটে জটলা থেকে নেইমারের জোরালো শট অল্পের জন্যে লক্ষ্যে না থাকায় ব্যর্থ হয়ে যায় আরেকটি আক্রমণ।
৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তার বিদায়ের পর ফ্রি কিক পেলেও লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
৭১তম মিনিটে কর্নার থেকে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন জেরার্দ পিকে। এর চারর মিনিট পর আরো একবার গোলের সুযোগ হাতছাড়া করেন।
IMG2
অবশেষে ৮০তম মিনিটে গোলেল দেখা পায় বার্সেলোনা। সুয়ারেসের শট লেভারকুসেনের গোলরক্ষক কোনোমতে ফিরিয়ে দিলেও প্রতিপক্ষের জালে বল পাঠান রবের্তো।
দুই মিনিট পর আক্রমণে আসেন সুয়ারেস। মুনির এল হাদ্দাদির পাস থেকে দারুণ শটে গোল করেন তিনি।
৮৭তম মিনিটে মুনির সহজ সুযোগ হাতছাড়া হয়ে যায়। অবশেষে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
